
শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও মানবিকতার পরিচয় দিয়ে আবারও আলোচনায় শাহরুখ খান। ‘কিং’ সিনেমার শুটিং সেটে সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সহায়তা করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শুটিং চলাকালে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সিঁড়ি দিয়ে ওঠার সময় অন্তঃসত্ত্বা দীপিকাকে সতর্ক অবস্থায় দেখে এগিয়ে যান শাহরুখ। নিজের ব্যাগ অন্যের হাতে দিয়ে তিনি হাত ধরে নিরাপদে সিঁড়ি পার হতে সাহায্য করেন। ছোট এই মুহূর্তই ভক্তদের কাছে বড় হয়ে উঠেছে।
এর আগেও সহ-অভিনেত্রীদের প্রতি সম্মান দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন শাহরুখ। বিশেষ করে গত বছর রানি মুখার্জির শাড়ির আঁচল ঠিক করে দেওয়ার ঘটনা বেশ আলোচিত হয়।
‘কিং’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। তবে শুটিংয়ের কিছু দৃশ্য ফাঁস হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি এবং ভক্তদের এমন ভিডিও ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও তার মেয়ে সুহানা খানকে। এছাড়া অভিনয়ে রয়েছেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সীসহ আরও অনেকে।
সূত্র: দ্য ওয়াল












































