
সংগৃহীত ছবি
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর পড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাটুরিয়ার পড়তিল্লী গ্রামের জাহাঙ্গীরের ছেলে আলম (১৬), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে কালু মিয়া (১৬) এবং আব্দুল হালিমের ছেলে সুনামিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কংক্রিটবোঝাই একটি ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথে পড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আলম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কালু মিয়া এবং পরে বিকেলে মোটরসাইকেলচালক সুনামিয়া মারা যান।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।










































