সোমবার । মে ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১১ মে ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা


Barcelona

সংগৃহীত ছবি

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। কাম্প নউয়ে দাপুটে ফুটবল খেলে ২-০ গোলের জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার লিগ শিরোপা জিতেছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় কাতালানরা। এই জয়ে লা লিগা ইতিহাসে নিজেদের ২৯তম শিরোপা ঘরে তুলল তারা।

৩৫ ম্যাচ শেষে ৩০ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৯১। অন্যদিকে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৭ পয়েন্ট। হাতে তিন ম্যাচ রেখেই শিরোপা নিশ্চিত করেছে বার্সা।

ব্যক্তিগত শোকের মধ্যেও দলের পাশে ছিলেন কোচ হান্সি ফ্লিক। ম্যাচের কয়েক ঘণ্টা আগে তার বাবা মারা গেলেও তিনি ডাগআউটে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেন। শোকের দিনেই শিরোপা জয় তার জন্য আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে।

ম্যাচের শুরুতেই বার্সেলোনাকে এগিয়ে দেন মার্কাস র‌্যাশফোর্ড। দূর থেকে নেওয়া দারুণ বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ফেররান তরেস দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। দানি ওলমোর কাটব্যাক থেকে বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন তিনি।

দুই গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করেছিল রিয়াল। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তাদের ফুটবলাররা। কাছ থেকে গন্সালো গার্সিয়ার শট লক্ষ্যে থাকেনি। পরে ভিনিসিউসের পাস থেকে অহেলিয়া চুয়ামেনির দূরপাল্লার প্রচেষ্টাও পোস্টের বাইরে চলে যায়।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল