
ছবি: সংগৃহীত
ইউক্রেনে রাশিয়ার এক ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। রুশ বাহিনীর এই হামলায় রাজধানী কিয়েভের একটি বহুতল আবাসিক ভবন পুরোপুরি ধসে পড়ে। কিয়েভের সাধারণ মানুষের ওপর চালানো এই বর্বরোচিত হামলার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার (১৫ মে) এক বিশেষ ভিডিও বার্তায় জেলেনস্কি সতর্ক করে বলেন, রাশিয়ার এই কাপুরুষোচিত হামলার জবাব না দিয়ে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। তিনি জানান, ইতিমধ্যেই তিনি দেশের জ্যেষ্ঠ সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেছেন এবং রাশিয়ার অভ্যন্তরে পাল্টা দূরপাল্লার হামলা চালানোর বিষয়ে বিশদ কৌশলগত আলোচনা সম্পন্ন করেছেন।
জেলেনস্কি আরও দাবি করেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইউক্রেনজুড়ে আরও ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো। রাশিয়ার এসব সম্ভাব্য লক্ষ্যের মধ্যে ইউক্রেনের সরকারি বাসভবন, গুরুত্বপূর্ণ সরকারি প্রশাসনিক ভবন ও সামরিক কমান্ড পোস্টও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে রাশিয়ার এই রক্তক্ষয়ী হামলার জবাবে শুক্রবার থেকেই ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের সামরিক কমান্ড জানিয়েছে, তারা রাশিয়ার বিভিন্ন অঞ্চলের জ্বালানি খাত ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার আকাশসীমার গভীরে চালানো এই ড্রোন হামলায় বেশ কয়েকটি সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
সূত্র: আল জাজিরা









































