
কারিনা কায়সার
পরিবার, সহকর্মী আর লাখো ভক্ত—সবাই চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন তাঁর সুস্থ হয়ে ফেরার খবরের। কিন্তু সব আশা-প্রার্থনা ভেঙে দিয়ে নিথর দেহে আজ রোববার দেশে ফিরেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।
কারিনাকে বহনকারী বিমানটি আজ বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিকেল ৫টা ২০ মিনিটে কারিনার মরদেহ গ্রহণ করেন তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। বিমানবন্দরে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে ঘিরে রাখলেও শোকে স্তব্ধ কায়সার হামিদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, তাঁর চোখ ছিল ছলছল।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রোববার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। রাত ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর আগামীকাল সোমবার ফজরের নামাজের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে গত কয়েক দিন ধরে চরম সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে মারা যান তিনি।
কারিনা কায়সারের এই অকাল প্রয়াণে দেশের বিনোদন অঙ্গন এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।









































