বুধবার । মে ২০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২০ মে ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
শেয়ার

ইরান বিষয়ে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার বিল অনুমোদন মার্কিন সিনেটে


US-Congres

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দেশটির কংগ্রেস ভবন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সিনেট। এতে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে তা বন্ধ করার সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরি হবে।

মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি পরবর্তী ধাপে নেওয়ার পক্ষে ৫০টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে ৪৭টি। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চারজন সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে এটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি এবং প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পরই কার্যকর হতে পারে।

প্রস্তাবটির মাধ্যমে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালানোর ক্ষমতা সীমিত করার দাবি জানানো হয়েছে। সমর্থকদের মতে, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকা উচিত।

ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন প্রস্তাবটি উত্থাপন করেন এবং বলেন, ইরান ইস্যুতে যুদ্ধের ঝুঁকি বাড়ছে, তাই কংগ্রেসের ভূমিকা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে কিছু রিপাবলিকান সিনেটরও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, যা দলীয় বিভাজনের ইঙ্গিত দেয়।

তবে হোয়াইট হাউস ও ট্রাম্পপন্থি রিপাবলিকানরা বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্টের সীমিত সামরিক পদক্ষেপ নেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। এর আগে এ ধরনের একাধিক প্রস্তাব সিনেটে আটকে গিয়েছিল।

সূত্র: রয়টার্স