
বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে চলমান বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। তিনি বলেছেন, জীবনে সাফল্য ও পরিচিতি যত বাড়ে, সমালোচক ও বিরোধীর সংখ্যাও তত বৃদ্ধি পায়, যা স্বাভাবিক বিষয়।
নিজের নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা বলেন, তাঁকেও অতীতে বহুবার নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। তবে এসব বাধা সাফল্যের পথে স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, একজন মানুষের অবস্থান ও গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বিরোধিতাও বাড়ে, তাই এসব নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
কঙ্গনা আরও বলেন, জীবনের পথে নানা বাধা ও চ্যালেঞ্জ আসবেই। সব সময় পরিস্থিতি অনুকূলে থাকবে না, কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়।
সম্প্রতি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ রণবীর সিংয়ের বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন’ নির্দেশনা জারি করে। অভিযোগ ওঠে, তিনি আলোচিত সিনেমা ‘ডন-৩’ থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন, যার ফলে নির্মাণকাজে জটিলতা সৃষ্টি হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানান, পরিচালক-প্রযোজক ফারহান আখতার এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন। অভিযোগ অনুযায়ী, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে রণবীর প্রকল্প থেকে সরে যাওয়ায় পুরো ইউনিটের পরিকল্পনা ব্যাহত হয়।
তবে পরে অশোক পণ্ডিত স্পষ্ট করেন, এটি কোনো নিষেধাজ্ঞা নয়। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত সংগঠনের সদস্যদের রণবীরের সঙ্গে কাজ না করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে কঙ্গনা বর্তমানে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত। ২০০৮ সালের মুম্বাই হামলার সময় হাসপাতালকর্মীদের সাহসিকতা ও মানবিকতার গল্প নিয়ে নির্মিত ছবিটি আগামী ১২ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি














































