
ফাইল ছবি
চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা হিসেবে)। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ ডলার।
বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জিডিপির সাময়িক হিসাব থেকে এ তথ্য জানা গেছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। ফলে ধারাবাহিকভাবে দেশের মাথাপিছু আয় বৃদ্ধির চিত্র উঠে এসেছে বিবিএসের তথ্যে।
এদিকে চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি ৫০১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। আগের অর্থবছরে জিডিপির আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশের অর্থনীতির আকার বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার।
বিবিএসের তথ্যমতে, চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাময়িকভাবে ৪ দশমিক ১৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় বেশি। তবে একই সময়ে বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, কৃষি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ, যা আগের বছরের ২ দশমিক ৪২ শতাংশের তুলনায় ০ দশমিক ৩৬ শতাংশ বেশি।











































