বৃহস্পতিবার । জুন ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৭ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শেয়ার

যাত্রীদের সঙ্গে তর্কের ভিডিও ভাইরাল, বিমানবালাকে বরখাস্ত করল স্পাইসজেট


air-hostess-suspend

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার অভিযোগে এক বিমানবালাকে সাময়িক বরখাস্ত করেছে স্পাইসজেট। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিমান সংস্থাটি।

ঘটনাটি ঘটে গত ১৩ জুন। সেদিন দিল্লিগামী স্পাইসজেটের এসজি-১৫১ ফ্লাইট প্রথমে বিলম্বিত এবং পরে বাতিল করা হয়। এরপর ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে বিমান সংস্থার এক কর্মীর তর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

স্পাইসজেট এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও পরিচালনাগত সীমাবদ্ধতার কারণে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। খারাপ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট উড়োজাহাজটি বাগডোগরার পরিবর্তে কলকাতায় অবতরণ করানো হয়। পরবর্তীতে বিমানবন্দরের নির্ধারিত কার্যক্রমের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। স্পাইসজেট জানিয়েছে, ঘটনাটি পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ফ্লাইট বাতিলের পর কিছু যাত্রী ও কর্মীদের মধ্যে মৌখিক বিরোধের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। স্পাইসজেট বলেছে, “আবহাওয়াজনিত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকলেও যাত্রীদের ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীদের নিরাপত্তা এবং সেবার মান নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

ভিডিওতে দেখা যাওয়া বিমানবালার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি পুনর্মূল্যায়নের জন্য রিফ্রেশার প্রশিক্ষণে পাঠানো হয়েছে।

এদিকে ভাইরাল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই যাত্রীদের সঙ্গে ওই বিমানবালার আচরণের সমালোচনা করেছেন। আবার কেউ কেউ ঘটনার প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।