বুধবার । জুন ২৪, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ২৩ জুন ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
শেয়ার

এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স


mbappe

গোল উদযাপন করছেন এমবাপ্পে। ছবি: সংগৃহীত

প্রতিপক্ষ বদলালেও কিলিয়ান এমবাপ্পের গোল ক্ষুধা কমেনি। সেনেগালের বিপক্ষে করা জোড়া গোলের পারফরম্যান্সের যেন পুনরাবৃত্তি দেখালেন ইরাকের বিপক্ষেও। এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে ইরাককে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ফিলাডেলফিয়ায় জোড়া গোল করার পথে অনন্য এক কীর্তিও গড়েছেন ফরাসি অধিনায়ক। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের শততম ম্যাচ খেলতে নামা এমবাপ্পে প্রথম গোল করে ছুঁয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে। আর দ্বিতীয় গোলটির মাধ্যমে রোনালদোকে পেছনে ফেলে তিনি স্পর্শ করেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডকে।

ম্যাচের ১৪ মিনিটে ফরাসিদের এগিয়ে নেওয়া এমবাপ্পের গোলটি ছিল চোখে লেগে থাকার মতো। বক্সের প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ে নেওয়া তাঁর জাদুকরী বাঁকানো শটটি ইরাকের জাল খুঁজে নেয়। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ফ্রান্স। ৪১ মিনিটে আরও একটি সুযোগ তৈরি করেছিলেন এমবাপ্পে, তবে ইরাকের ডিফেন্ডার হুসেইন আলির দুর্দান্ত স্লাইডে সে যাত্রা গোল পাননি তিনি। এই প্রথমার্ধের গোলেই বিশ্বকাপে নিজের ১৫তম গোল পূর্ণ করে রোনালদো নাজারিওর পাশে বসেন এমবাপ্পে।

বৃষ্টি ও বজ্রপাতের কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হয়। বিরতির পর মাঠে ফিরেই ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। ইরাকের ডিফেন্ডার আহমেদ কাসেমের ব্যাকপাস গোলরক্ষক বাসিল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে বল পান উসমান দেম্বেলে। বক্সের ভেতর ফাঁকা জায়গায় থাকা এমবাপ্পের দিকে বল বাড়িয়ে দিলে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ১৬ গোল করে ক্লোসার সাথে যৌথভাবে তালিকার দুই নম্বরে উঠে আসেন তিনি। ১৮ গোল নিয়ে এই তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি।

৫৮ মিনিটে এমবাপ্পের হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হওয়ার পর ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করে ফ্রান্স। এবার মাইকেল ওলিসের পাস থেকে বক্সের ভেতর বল পান পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। গায়ের সাথে লেগে থাকা ডিফেন্ডারকে পরাস্ত করে ডান পায়ের জোরাল শটে বল জালে জড়ান তিনি। চলতি বিশ্বকাপে এটিই দেম্বেলের প্রথম গোল।

ম্যাচের শেষ দিকে ৭৫ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ইরাক, তবে আল হামাদির ভলি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। অন্যদিকে ৮০ মিনিটে এবং ম্যাচের একদম শেষ মুহূর্তে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা।