বুধবার । জুন ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ২৩ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শেয়ার

পিছিয়ে পড়েও আলজেরিয়ার জয়, বিশ্বকাপ থেকে জর্ডানের বিদায়


Algeria

এক গোল পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জর্ডানকে ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়া। এই জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখল উত্তর আফ্রিকার দলটি। অন্যদিকে গ্রুপ ‘জে’ থেকে জর্ডানের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ চালায় আলজেরিয়া। তবে জর্ডানের শক্ত রক্ষণভাগ ভেদ করতে বেশ বেগ পেতে হয় তাদের। উল্টো ৩৬তম মিনিটে আলজেরিয়ার রক্ষণে ভুলের সুযোগ নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে এগিয়ে যায় জর্ডান। দলের হয়ে গোল করেন নিজার আল-রাশদান। নিচু শটে বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধে পিছিয়ে থাকা আলজেরিয়া দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। অবশেষে ৬৯তম মিনিটে সমতায় ফেরে তারা। রিয়াদ মাহরেজ কর্নার থেকে বদলি খেলোয়াড় নাধির বেনবৌলি দারুণ হেডে গোল করে ম্যাচে ফেরান আলজেরিয়াকে।

সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে আলজেরিয়া। এর ফলও পেয়ে যায় ম্যাচের ৮২তম মিনিটে। বক্সের ভেতরে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে আমিন গুইরি বল জালে জড়িয়ে দেন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে গুরুত্বপূর্ণ জয় নিয়েই মাঠ ছাড়ে আলজেরিয়া। এই জয়ে তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা টিকে থাকলেও জর্ডানের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল গ্রুপ পর্বেই।