বুধবার । জুন ২৪, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ২৩ জুন ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
শেয়ার

অবসর ভেঙে ইতিহাসের চূড়ায়


Messi

লিওনেল মেসি ।। রয়টার্স

একসময় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। হতাশা, ব্যর্থতা আর শিরোপাহীনতার যন্ত্রণা তাকে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। কিন্তু এক দশক পর সেই লিওনেল মেসিই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে নতুন ইতিহাস লিখলেন।

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হার এবং টাইব্রেকারে পেনাল্টি মিসের পর আবেগঘন কণ্ঠে মেসি বলেছিলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি সবকিছু দিয়েছি, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারিনি।’

কিন্তু সেই সিদ্ধান্ত থেকে একসময় সরে আসতে বাধ্য হন মেসি। আর এরপরই শুরু হয় আর্জেন্টিনা ও মেসির সোনালি অধ্যায়।

জাতীয় দলে ফিরে তিনি জিতেছেন টানা দুটি কোপা আমেরিকা। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন তৃতীয় বিশ্বকাপ শিরোপা। সেই টুর্নামেন্টে তিনি করেছিলেন সাত গোল, যার মধ্যে ফাইনালেই ছিল দুটি।

এবারের বিশ্বকাপেও মেসির জাদু থামছে না। বিশ্বকাপে আর্জেন্টিনা দুটি ম্যাচে প্রতিপক্ষকে পাঁচ গোল দিয়েছে যার সবগুলোই এসেছে মেসির পা থেকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠেেএসেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১৮ গোল করেছেন মেসি। এর মধ্যে ১৩টি গোল এসেছে জাতীয় দলে অবসর ভেঙে ফেরার পর। আরও বিস্ময়কর তথ্য হলো, ৩৫ বছর বয়স পার করার পরই তিনি বিশ্বকাপে করেছেন ১২টি গোল।

অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করা মাত্র তৃতীয় ফুটবলার হয়েছেন। এর আগে এই কীর্তি ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জাইরজিনহোর।

শুধু গোল নয়, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরির রেকর্ডও এখন মেসির দখলে। তার তৈরি করা সুযোগের সংখ্যা ৭৬।

তবে রেকর্ডের দিনে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে মিস করা পেনাল্টিটি ছিল বিশ্বকাপ ইতিহাসে তার তৃতীয় পেনাল্টি মিস। একই সঙ্গে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি নেওয়া এবং সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ও এখন মেসি।

তবে ভুলের জবাব তিনি দিয়েছেন নিজের মতো করেই। দুই গোল করে দলকে জিতিয়েছেন এবং আবারও প্রমাণ করেছেন কেন তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয়।

এখন তার সামনে রয়েছে আরও একটি রেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডে তিনি আছেন আট অ্যাসিস্ট নিয়ে, যা ডিয়েগো ম্যারাডোনার সমান।

সামনের ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামবেন মেসি। আর ফুটবলপ্রেমীরা অপেক্ষায় থাকবেন, ইতিহাসের বইয়ে তিনি আর কত নতুন অধ্যায় যোগ করেন তা দেখার জন্য।

বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস