
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি স্টোর থেকে প্রায় ১ হাজার ৩০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা) মূল্যের পণ্য চুরির অভিযোগে এক ভারতীয় নারীকে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, সম্প্রতি ওই নারী যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে ‘টার্গেট’ নামের একটি সুপারস্টোর থেকে পণ্য চুরির সময় ধরা পড়েন।
প্রতিবেদন অনুযায়ী, স্টোরটিতে টানা সাত ঘণ্টার বেশি সময় ধরে ঘোরাঘুরির পর কর্তৃপক্ষ বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেয়। পরে বডিক্যামেরা ফুটেজে দেখা যায়, ওই নারী পণ্যগুলো শেলফ থেকে সংগ্রহ করছিলেন, মোবাইলে কিছু দেখছিলেন এবং কোনো পেমেন্ট না করেই দোকানের পশ্চিম পাশের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নারীটি বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং পণ্যের দাম পরিশোধ করার প্রস্তাব দেন। তিনি বলেন, “আমি দুঃখিত যদি আপনাদের বিরক্ত করে থাকি। আমি এই দেশের মানুষ নই, এখানে থাকব না। আমি দাম পরিশোধ করতে চাই।” জবাবে এক নারী পুলিশ কর্মকর্তা বলেন, “ভারতে কি চুরি বৈধ? আমার তো মনে হয় না।”
ঘটনার পরপরই ভিডিওটি ইউটিউব ও এক্স-এ (সাবেক টুইটার) ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ এই ঘটনায় ভারতীয় নাগরিক হিসেবে বিব্রত বোধ করছেন, আবার কেউ মার্কিন পুলিশের মন্তব্যকে “উগ্র জাতীয়তাবাদী” হিসেবে সমালোচনা করছেন।
এই ঘটনার পর ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এক ভিসা-সংক্রান্ত সতর্কতা জারি করেছে। দূতাবাস জানিয়েছে, “যুক্তরাষ্ট্রে হামলা, চুরি বা ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত হলে ভিসা বাতিল হয়ে যেতে পারে।”
ভিডিও:




































