মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২০ জুলাই ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন
শেয়ার

২০ বছর কোমায় থাকা সৌদি প্রিন্সের মৃত্যু


saudi-prince২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ। ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিত এই রাজপুত্রের মৃত্যুর খবর শনিবার (১৯ জুলাই) নিশ্চিত করেছেন তাঁর বাবা প্রিন্স খালেদ বিন তালাল।

২০০৫ সালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান আল ওয়ালিদ। এরপর দীর্ঘ সময় ধরে তিনি রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে সৌদি রাজপরিবারসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্স আল ওয়ালিদ প্রয়াত সৌদি বাদশাহ খালেদ বিন আবদুল আজিজ আল সৌদের নাতি। তাঁর বাবা প্রিন্স খালেদ বিন মুসাইদ ১৯৮৫ সালে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান।

রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রোববার বাদ আসর রাজধানী রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল ওয়ালিদের জানাজা শেষে রিয়াদের আল উদ কবরস্থানে দাফন করা হবে। তাঁর দীর্ঘদিন কোমায় থাকা এবং অবশেষে মৃত্যু সৌদি সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছে। একইসঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির দাবি আবারও জোরালো হয়ে উঠেছে।

[সূত্র: গালফ নিউজ]