বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ জুলাই ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শেয়ার

ঢাকাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, ফিরে গেলো চট্টগ্রামে


চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে যায়। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। ২৮৭ জন যাত্রী নিয়ে বিমানটি ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ঢাকা যেতে পারেনি। ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে আবার চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটি বর্তমানে বিমানবন্দরের বে নম্বর ৮-এ অবস্থান করছে। বিমানে ২৮৭ জন যাত্রী ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। বিমানের ত্রুটি সারানোর কাজ চলছে। যাত্রীরা নিরাপদে রয়েছেন। কারও কোনো সমস্যা হয়নি।