
দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে এ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের ভাষ্য অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সেখানে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা— এই চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে অধিদফতর।
এর আগে একইদিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত এবং কিছু এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়। পাশাপাশি ঢাকাসহ চারটি বিভাগে তাপপ্রবাহ বইছে বলেও জানিয়েছে সংস্থা।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তর বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




































