
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহতাব উদ্দিন ভুইয়া (১২) চারদিন পর মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০মিনিটের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হলো। এর আগে মঙ্গলবার রাতে মারা যায় একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র নাফি (৮)।
মাহতাব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মিনহাজুর রহমান ভুইয়া গ্রেটওয়াল সিরামিকের এজিএম। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামের ছেলে মাহতাব। সে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণিতে পড়তো।
এ পর্যন্ত পাওয়া তথ্যমতে, দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩২ জনে পৌঁছেছে যাদের বেশির ভাগই শিশু। আহত ও দগ্ধ ৫৭ জন এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন।
এর আগে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে।




































