বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ জুলাই ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
শেয়ার

সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতিতেই নির্বাচন: সিইসি


সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতিতেই নির্বাচন

‘সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগে যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এসময় তিনি আরও বলেন, নির্বাচনের দুই মাস আগে তফশিল হবে। তখন নির্বাচন কবে, মনোনয়ন পত্রসহ এ সংক্রান্ত সব তথ্য জানা যাবে।’

শনিবার (২৬ জুলাই) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় পূর্বে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সিইসি বলেন, নিত্যনতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য ও অপতথ্য ছড়ানো ও এআই-এর অপব্যবহার আগামী নির্বাচনে একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছে নির্বাচন কমিশন। এটাকে মডার্ন যুগের মডার্ন থ্রেট (হুমকি) মনে করা হচ্ছে। নির্বাচন নিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনা ও ভোটকেন্দ্রে মানুষকে আনাও একটা বড় চ্যালেঞ্জ।

এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের তারিখ ঘোষিত হলে আপনারা জানতে। তার আগে বলা সম্ভব নয়।

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি না এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা আমরা বলিনি, প্রধান উপদেষ্টা বিভিন্ন দপ্তরকে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে।