
শীত মৌসুমে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও অন্যান্য শীতজনিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের সব হাসপাতালে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। জনস্বার্থে রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, হাসপাতালের ভাঙা জানালা, দরজা ও যেসব স্থান দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করছে সেগুলো দ্রুত মেরামত ও সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য পর্যাপ্ত কম্বল ও মশারি সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শীতকালীন রোগের চিকিৎসায় নেবুলাইজার সল্যুশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইভি ফ্লুইডসহ প্রয়োজনীয় সব ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলকভাবে বৈকালিক রাউন্ড নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রোগীর অভিভাবকদের শীতকালীন রোগ প্রতিরোধ ও প্রাথমিক করণীয় বিষয়ে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে।
এ ছাড়া প্রতিদিন শীতকালীন রোগসংক্রান্ত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কন্ট্রোল রুমে পাঠাতে হবে। এসব কার্যক্রম বাস্তবায়নে হাসপাতাল প্রধানদের সার্বিক তদারকি ও বিশেষ নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মহাপরিচালকের অনুমোদনক্রমে জারি করা এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।










































