রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৭ জানুয়ারি ২০২৬, ২:১৩ অপরাহ্ন
শেয়ার

তারেক রহমানের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক আজ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন।

আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেছেন, আজ ৭ জানুয়ারি বুধবার দুপুর ২টায় বিএনপি চেয়ারপার্সন জনাব তারেক রহমানের সাথে গণঅধিকার পরিষদ-জিওপির সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন এর মতবিনিময়।

এর আগে, গত সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সেই বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতারসহ কেন্দ্রীয় নেতারা।

একইদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। বৈঠকে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।

আগের দিন ৪ জানুয়ারি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। আড়াই ঘণ্টাবাপী চলা ওই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাননের সাম্যামনআমলাতন্ত্রের জটিলতা, চাঁদাবাজি, ব্যাংক সুদের হার এবং দুর্নীতির কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। তারেক রহমানও তাদের কথা শুনে প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে ব্যবসার প্রতিবন্ধকতাগুলো সমাধানে কাজ করবে বিএনপি।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দেড় যুগ লন্ডনে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই হারান প্রিয় মা বেগম খালেদা জিয়াকে। মায়ের শোক এক পাশে রেখে এখন তাকে ব্যস্ত থাকতে হচ্ছে রাজনীতির মাঠে।

এরই মধ্যে তারেক রহমানের চার দিনের সফরসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের ১০ জেলা— টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সফর করবেন তিনি।