
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে করে সে এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল, দেখা দিয়েছে তীব্র যানজট।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন নামের এই প্লাটফর্ম আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে এসব স্থানে কর্মসূচিতে নেমেছে।

এছাড়াও একই দাবিতে রাজধানীর মহাখালীর আমতলী মোড়ে পৃথকভাবে অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
অবরোধের ফলে এসব মোড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। দেখা যায়, যানবাহনের দীর্ঘ সারি। পথচারীরা গাড়িতে থেকে নেমে হেঁটে হেঁটে নিজ গন্তব্যে যাচ্ছেন। আবার কেউ কেউ গাড়িতে বসে রয়েছেন যানজট ছাড়ার অপেক্ষায়।
শিক্ষার্থীদের ঘোষণা আনুযায়ী, দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ থেকে রাজধানীর টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি থাকবে।
উল্লেখ্য, রাজধানীর সাতটি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেওয়া হলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে বিলম্ব করায় শিক্ষার্থীরা অধ্যাদেশ জারির ১ দফা দাবি আদায়ে গত ১৩ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।
সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।






































