
গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “পুরো পৃথিবীতেই সরকার গণভোটের বিষয়ে পক্ষ নেয়। কখনো হ্যাঁ-এর পক্ষে, কখনো না-এর পক্ষে।”
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

শফিকুল আলম বলেন, “আমরা সংস্কারের পক্ষে। দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর কোনো দৈত্য-দানব তৈরি না হয়, সেজন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথা বলছি। চুরি-চামারি বন্ধ করতে হলে হ্যাঁ ভোটের পক্ষ নিতে হবে। বিগত সরকার ব্যাংকের টাকা লুটপাট করে খেয়েছে। এখন এর দায় বর্তমান সরকারের ওপর এসে পড়েছে।”
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও দাবি করেন প্রেস সচিব। তিনি বলেন, “নির্বাচন খুব ভালোভাবে হবে। গতকাল কেবিনেট মিটিংয়েও এ বিষয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা প্রস্তুতির কথা জানিয়েছেন। এবার ফ্রি, ফেয়ার ও পিসফুল, উৎসবমুখর নির্বাচন হবে।”
তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন হয়েছে এবং রিটার্নিং অফিসার, পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। “আমরা এখন ভোটের অপেক্ষায়। সংস্কারের বিষয়গুলো প্যাকেজ আকারে হ্যাঁ ভোটে এসেছে,” বলেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার আশঙ্কা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “তার আশঙ্কা অমূলক। আমরা আমাদের কাজ দিয়েই তা প্রমাণ করব। এই সরকারের কারও প্রতি পক্ষপাতিত্ব নেই।”
এ ছাড়া যমুনায় তারেক রহমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, “এটি ছিল সম্পূর্ণ পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। ডিনারের কোনো বিষয় ছিল না। এখানে কোনো অফিসিয়াল বৈঠক হয়নি।”

































