
ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন গত বছরের সেপ্টেম্বর থেকে হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১.৫ কিলোমিটার, এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নীতিগতভাবে নীরব এলাকা ঘোষণা করেছে। অর্থাৎ এসব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৮ ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা মোতাবেক নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা বা তিন মাসের কারাদণ্ড আরোপ করা যেতে পারে।
সম্প্রতি জারিকৃত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী পুলিশকে নীরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণ করার জন্য জরিমানা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। তাই নীরব এলাকায় হর্ন বাজালে ডিএমপি কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।







































