সোমবার । জুন ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২১ জানুয়ারি ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ন
শেয়ার

দেবের বিপরীতে ফিরছেন শুভশ্রী, রাজের মন্তব্যে নতুন করে আলোচনায় পুরনো অধ্যায়


Deb-Suvosri

‘ধুমকেতু’ ছবির সাফল্যের পর বাংলা সিনেমার স্বার্থে ফের প্রাক্তন প্রেমিক দেবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসময় টলিউডে দেব-শুভশ্রীর প্রেমকাহিনি ছিল আলোচনার শীর্ষে। অনস্ক্রিন রসায়ন বাস্তব জীবনেও গভীর সম্পর্কে রূপ নিয়েছিল, যা দর্শকদের কাছে ছিল সুপরিচিত।

সময় বদলেছে। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর জীবনসঙ্গী এবং দুই সন্তানের মা। কাকতালীয়ভাবে দেব-শুভশ্রীর অভিনয়জীবনের শুরুটাও হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরেই। সেই সময়ের স্মৃতি টেনে রাজ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “আমারও মনে হয়েছিল, ওদের বিয়ে হলে বোধহয় ভালোই হতো।”

এই মন্তব্যে আবারও চর্চায় এসেছে পুরনো ‘দেশু’ অধ্যায়। তবে রাজ এখানেই থামেননি। তিনি যোগ করেন, “কিন্তু শুভশ্রী তো আদতে আমার কপালেই ছিল। আর আমিও ওর কপালে ছিলাম। আমরা খুব হ্যাপি। আর দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও খুব হ্যাপি থাকবে। দেব খুব ভালো ছেলে।”

স্ত্রীর প্রাক্তন সম্পর্ক নিয়ে রাজের এই সংযত ও স্পোর্টিং মন্তব্যে টলিপাড়ার অনেকেই মুগ্ধ। বিশেষ করে প্রায় এক দশক পর দেবের ৫১তম ছবিতে শুভশ্রীর ফের কাজ করা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এক সময় দেব-শুভশ্রী মানেই ছিল বক্স অফিস সাফল্যের প্রতীক। বাস্তব জীবনের সম্পর্ক শেষ হলেও, পরিণত মনোভাব নিয়ে অতীতকে গ্রহণ করাই যে প্রকৃত ভালোবাসার পরিচয়- এমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ।