সোমবার । জুন ৮, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২১ জানুয়ারি ২০২৬, ১:১৪ অপরাহ্ন
শেয়ার

চিত্রনায়ক জাভেদ মারা গেছেন


Actor-Javed-WEB.jpg

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস জাভেদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরা এলাকায় নিজ বাসভবনে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। এর পাশাপাশি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতাও ছিল। চিকিৎসার জন্য একাধিকবার হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাকে বাসায় নিয়ে আসা হয়।

চলচ্চিত্রে ইলিয়াস জাভেদের যাত্রা শুরু হয় ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ভাষার সিনেমা ‘নয়ি জিন্দেগি’-এর মাধ্যমে। নায়ক হিসেবে অভিষেকের পর তিনি প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেন। বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও সফল এক নায়ক।

তার প্রকৃত নাম ছিল রাজা মোহাম্মদ ইলিয়াস। অভিনয়ের আগে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন তিনি। পরবর্তীতে নায়ক হিসেবে শতাধিক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকমহলে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রটি বিশেষভাবে স্মরণীয়।

১৯৪৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। পরে তিনি পরিবারসহ সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ব্যক্তিগত জীবনে ১৯৮৪ সালে তিনি চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।