শনিবার । মে ২, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২২ জানুয়ারি ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় অভিবাসীবিরোধী অভিযানে ৭ বাংলাদেশি আটক


malaysia-arrest

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরের তামান মালুরি এলাকায় অভিবাসীবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি মানবপাচার চক্রের ‘সেফ হাউস’ উচ্ছেদ করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে অভিযানটি পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বয়স ২৭ থেকে ৪৪ বছরের মধ্যে এবং তারা অবৈধভাবে পাচার হওয়া অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

অন্য দুই বাংলাদেশি ওই আস্তানার দেখভাল ও পাচার হওয়া অভিবাসীদের পরিবহনের দায়িত্বে ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযানে অভিবাসীদের আনা–নেওয়ার কাজে ব্যবহৃত একটি পেরোডুয়া মাইভি গাড়ি জব্দ করা হয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, আটক অভিবাসীদের পাসপোর্টে মালয়েশিয়ায় বৈধভাবে প্রবেশের কোনো সিল বা অনুমোদন ছিল না। সংশ্লিষ্ট চক্রটি ‘ইকবাল সিন্ডিকেট’-এর সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে, যা সম্প্রতি কেলান্তান রাজ্যে অভিবাসন বিভাগের অভিযানে ধরা পড়ে। কেলান্তান থেকে অবৈধভাবে আনা অভিবাসীদের পরবর্তী গন্তব্যে পাঠানোর আগে তামান মালুরির এই ফ্ল্যাটটিকে সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো।

আটক সাতজনকে বর্তমানে অভিবাসন বিভাগের সদর দপ্তরে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০০৭ সালের মানবপাচার ও অভিবাসী পাচার বিরোধী আইন এবং ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আওতায় তদন্ত চলছে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেন, মানবপাচার ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা প্রদানকারী ব্যক্তি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।