শনিবার । মার্চ ২১, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৫ জানুয়ারি ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
শেয়ার

বড় পর্দায় চিরসবুজ সালমান শাহ


Salman-Shah

তিন দশক পার হয়ে গেলেও বাঙালির হাহাকার আর ভালোবাসার নাম সালমান শাহ। সময় বদলেছে, বদলেছে সিনেমার ধরন; কিন্তু রূপালি পর্দার সেই রাজপুত্রের আবেদন কমেনি এক বিন্দুও। অমর এই নায়কের স্মৃতিকে রাঙিয়ে দিতে এবার পুরান ঢাকার কেরানীগঞ্জের মাল্টিপ্লেক্স ‘লায়ন সিনেমাস’ আয়োজন করেছে সপ্তাহব্যাপী এক বিশেষ প্রদর্শনী।

‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামের এই আয়োজনে বড় পর্দায় আবারও দেখা যাচ্ছে অভিনেতার তিনটি কালজয়ী সিনেমা ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ এবং ‘সত্যের মৃত্যু নেই’। প্রতিটি চলচ্চিত্রের প্রতিদিন দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। এই বিশেষ প্রদর্শনী চলবে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত। 

Salman Shah

আয়োজনটি নিয়ে লায়ন সিনেমাস কর্তৃপক্ষ এক আবেগঘন ভিডিও বার্তায় জানায়, “কিছু নায়ক শুধু সিনেমায় আসেন, আর কিছু নায়ক এসে পুরো চিত্রজগৎটাই বদলে দেন। সালমান শাহ তেমনই একজন জাদুকর। তাঁর নাম একটি প্রজন্মের কাছে অনুভূতির নাম। বড় পর্দায় তাঁর উপস্থিতি আজও সিনেমাপ্রেমীদের রোমাঞ্চিত করে। সেই আবেগ থেকেই দর্শকদের জন্য আমরা এই সুযোগ করে দিয়েছি।”

উল্লেখ্য, ১৯৯৬ সালে রহস্যজনক বিদায়ের পর আজও সালমান শাহর জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। প্রেক্ষাগৃহে তাঁর পুরনো সিনেমা মুক্তি পেলে আজও দর্শকদের ভিড় প্রমাণ করে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন বাংলা সিনেমার অপ্রতিদ্বন্দ্বী রাজপুত্র হয়েই।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প