
ছবি: সংগৃহীত
সুদানের দক্ষিণ কুর্দোফান রাজ্যের আল-কুয়েইক সামরিক হাসপাতালে বুধবার রাতে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) হামলা চালিয়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে চারজন চিকিৎসাকর্মী রয়েছেন। হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।
সুদান ডক্টরস নেটওয়ার্কের বরাতে জানা যায়, হাসপাতালের মেডিকেল ডিরেক্টরসহ চারজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। সংগঠনটি এই হামলাকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইন ও চিকিৎসা প্রতিষ্ঠানের সুরক্ষা সংক্রান্ত কনভেনশন লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
সংগঠনটি আরও জানিয়েছে, দক্ষিণ কুর্দোফান জুড়ে এই ধরনের হামলার কারণে একাধিক হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে, যা ইতোমধ্যে ভয়াবহ মানবিক সংকটকে আরও গভীর করছে এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবার প্রবেশাধিকার হুমকির মুখে ফেলছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্য প্রায় সম্পূর্ণরূপে আরএসএফের নিয়ন্ত্রণে। অন্যদিকে, দেশের দক্ষিণ, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের ১৩টি রাজ্যের অধিকাংশ এলাকা এবং রাজধানী খার্তুম এখনও সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাতে হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।



































