
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
জাতীয় দলের খেলোয়াড়দের দ্রুত বেতনের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ৫১টি ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, ফেডারেশনগুলোর কাছে গত এক বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছে, যা সরকারের মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে।
তিনি জানান, খেলায় পেশাদারিত্ব আনতে জাতীয় দলের খেলোয়াড়দের তালিকা চাওয়া হয়েছে এবং তাদের বেতনভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন খেলোয়াড় কোন গ্রেডে থাকবেন—তা নির্ধারণ করে রোজার মধ্যেই প্রস্তুতি শেষ করে ঈদের পর বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায় থেকে শুরু করে ফেডারেশন পর্যন্ত ধাপে ধাপে সুন্দর ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করা হবে।
এদিকে জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ফেডারেশনের সংখ্যা ৫২ উল্লেখ করে তিনি জানান, সমজাতীয় খেলায় একাধিক ফেডারেশন থাকায় সেগুলো একীভূত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি যেসব ফেডারেশন কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে, তাদের কার্যকারণ খতিয়ে দেখা হবে।








































