
একটি আবাসিক এলাকায় হতাহতদের খুঁজছেন তালেবান নিরাপত্তা রক্ষীরা।
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার দাবি করেছে, গত বুধবার আফগান–পাকিস্তান সীমান্তবর্তী ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো প্রতিশোধমূলক হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। খবর আফগান টাইমস।
তালেবানের তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই অভিযান টানা চার ঘণ্টা চলে। অভিযানে পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি ও দুটি ঘাঁটি দখল করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে, একটি পাকিস্তানি ট্যাংক ধ্বংস এবং একটি সামরিক যান কবজায় নেওয়ার দাবি করা হয়।
তালেবানের পক্ষ থেকে আরও বলা হয়, ওই লড়াইয়ে তাদের আটজন যোদ্ধা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে হতাহতের এই সংখ্যার সত্যতা নিশ্চিত করা যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ ও ২২ ফেব্রুয়ারি আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলার পর থেকেই পাল্টাপাল্টি আক্রমণের এই পরিস্থিতি তৈরি হয়। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন ইউএনএএমএ জানিয়েছে, ওই বিমান হামলায় নানগারহার প্রদেশে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।






































