
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রায় ১৯ মাস বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জানা গেছে, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি যমুনাতেই বসবাস করছিলেন। আজ শনিবার দুপুরের পর তিনি তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবনটি ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী।
আজ বিকেল সোয়া ৫টার দিকে তিনি গণমাধ্যমকে জানান, কিছু সময় আগে সাবেক প্রধান উপদেষ্টা যমুনা ছেড়ে গেছেন বলে তার দপ্তরের কর্মকর্তারা তাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কিছু টুকিটাকি ব্যক্তিগত মালপত্র ছিল, সেগুলোও তিনি সঙ্গে নিয়ে গেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বিকেল সোয়া ৩টার দিকে ড. মুহাম্মদ ইউনূস যমুনা ত্যাগ করেন। এ সময় গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন। চলে যাওয়ার সময় যমুনার কর্মকর্তা–কর্মচারীরা তাকে বিদায় জানান। পরে তিনিও তাদের বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়েন।
এখন থেকে তিনি রাজধানীর গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে অবস্থান করবেন বলে জানা গেছে।






































