
হামলার সময় বিদ্যালয়ে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল
ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৯৫ জন আহত হয়েছেন।
শনিবার সংঘটিত এ হামলার পর থেকে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকাদের প্রাথমিক বিদ্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে। হামলার সময় বিদ্যালয়ে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল।
উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য জীবিতদের খোঁজ করছেন। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই হামলাকে ইরান সরকার “নৃশংস ও অমানবিক” বলে উল্লেখ করেছে এবং এর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে।





































