
অঞ্চলজুড়ে আকাশসীমা বন্ধ থাকায় বৈশ্বিক বিমান চলাচলেও বড় ধরনের প্রভাব পড়েছে
উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় প্রথম কয়েক দিনে ৩,৪০০–এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। চলমান সংঘাতের জেরে পুরো অঞ্চলে প্রায় তিন লাখ যাত্রী আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, দুবাই ইন্টারন্যাশনাল, শারজাহ, আবুধাবি এবং দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বড় আঞ্চলিক বিমানবন্দরগুলো সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করেছে। সব মিলিয়ে ছয় থেকে সাতটি প্রধান বিমানবন্দর বন্ধ রয়েছে।
এদিকে, যুক্তরাজ্য সরকার আটকে পড়া নাগরিকদের সহায়তায় বিশেষ দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।
অঞ্চলজুড়ে আকাশসীমা বন্ধ থাকায় বৈশ্বিক বিমান চলাচলেও বড় ধরনের প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র হিসেবে কাজ করে। এসব হাব বন্ধ হয়ে যাওয়ায় এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই ইন্টারন্যাশনাল ও আবুধাবি বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের অসংখ্য পোস্ট দেখা যাচ্ছে। অনেকে জানিয়েছেন, ফ্লাইট পুনর্নির্ধারণ, হোটেল ভাউচার সংগ্রহ বা সহায়তা পাওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। অনেক যাত্রীকে টার্মিনালের ভেতরেই রাত কাটাতে হচ্ছে।





































