
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এক নতুন মাত্রায় পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্যমতে, ইরান আবারও ইসরায়েল অভিমুখে নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। বুধবার থেকে শুরু হওয়া এই হামলা আজ বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত দফায় দফায় অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের পক্ষ থেকে আসা এসব ‘হুমকি প্রতিহত’ করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ সার্বক্ষণিক সক্রিয় রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটির সামরিক বাহিনী।
হামলার তীব্রতা বিবেচনায় ইসরায়েলি সেনাবাহিনী তাদের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের অত্যন্ত দায়িত্বশীল হতে হবে এবং জীবন রক্ষায় সামরিক বাহিনীর দেওয়া প্রতিটি নির্দেশনাবলি কঠোরভাবে মেনে চলতে হবে। সতর্ক সংকেত বা সাইরেন বাজার সাথে সাথে বিলম্ব না করে প্রতিটি ব্যক্তিকে নিকটস্থ সুরক্ষিত স্থানে বা বাংকারে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নাগরিকদের সেই সুরক্ষিত স্থানেই অবস্থান করতে হবে। সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার আগে কোনোভাবেই নিরাপদ আশ্রয়স্থল থেকে বের হওয়া যাবে না। বেসামরিক নাগরিকদের সুরক্ষায় নিয়োজিত ‘হোম ফ্রন্ট কমান্ড’-এর গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করার জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চল এখন রণখেত্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এই দফায় দফায় হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।







































