
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে ভাতা বাড়িয়ে মূল বেতনের ৬০ শতাংশ করার জন্য অর্থমন্ত্রীর কাছে ডিও লেটার পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিও লেটারে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের কল্যাণ, চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা সেবার মান উন্নয়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে অতীতে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় অনেক ক্ষেত্রে শিক্ষকদের জীবনমান ও সামাজিক অবস্থানে বৈষম্য তৈরি হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশে প্রায় ৬ লাখ ৪ হাজার ৬৫১ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। তারা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এই ভাতা বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত ১০ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি করতে গেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বছরে অতিরিক্ত ১৯০ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ৯৫ কোটি ৮০ লাখ টাকা প্রয়োজন হবে। অর্থাৎ মোট অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২৮৫ কোটি ৮০ লাখ টাকা।
ডিও লেটারে আরও বলা হয়েছে, উৎসব ভাতা বৃদ্ধি করলে শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নত হবে এবং শিক্ষা খাতের সামগ্রিক মানোন্নয়নে তা সহায়ক ভূমিকা রাখবে। এজন্য ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।










































