
৫৪ সেকেন্ডের এই টিজারটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে
পাহাড়ঘেরা দুর্গম প্রান্তর, সূর্যোদয়ের কোমল আলো আর তার মাঝেই এক নিঃসঙ্গ মানুষের বেঁচে থাকার লড়াই—এমনই শ্বাসরুদ্ধকর আবহ নিয়ে প্রকাশ পেল ঈদুল ফিতরের প্রতীক্ষিত সিনেমা ’দম’–এর ফার্স্ট লুক। রহস্য, উত্তেজনা আর অজানা বিপদের আভাসে ঘেরা ৫৪ সেকেন্ডের এই টিজারটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
৮ মার্চ বেলা ১টায় প্রকাশিত এই ফার্স্ট লুকে ভিন্ন ভিন্ন অবতারে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। পুরো টিজার জুড়ে আফরান নিশোকে দেখা গেছে ক্লান্ত, রুগ্ন এবং ভীত এক লুকে। অন্যদিকে অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা ও আতঙ্ক, আর চঞ্চল চৌধুরীর উপস্থিতিতে ফুটে উঠেছে চরম বিস্ময়। ব্যাকগ্রাউন্ড মিউজিক আর দ্রুত বদলে যাওয়া দৃশ্যপট দর্শকদের মনে তৈরি করেছে হাজারো প্রশ্ন—কে তাড়া করছে আর কেই বা পালাচ্ছে?

’দম’–এর ফার্স্ট লুক
টিজারের একদম শেষে আফরান নিশোর কণ্ঠে শোনা যায় একটিমাত্র শক্তিশালী সংলাপ— ’আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’। মাত্র একটি বাক্যেই পুরো ফার্স্ট লুকের গভীরতা পাল্টে দিয়েছেন তিনি, যা দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বাড়তি কৌতূহল সৃষ্টি করেছে।
সিনেমাটির নির্মাতা রেদওয়ান রনি বলেন, ”দম এখন আর শুধু আমাদের সিনেমা নেই, এটি এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। আমি আগেই বলেছিলাম, এমন দুর্গম লোকেশনে বাংলাদেশের সিনেমা আগে হয়েছে কি না আমার জানা নেই, যার কিছুটা আভাস টিজারে পাওয়া গেছে। এই শ্বাসরুদ্ধকর যাত্রায় আশা করি সবাই আমাদের পাশে থাকবেন।










































