সোমবার । মার্চ ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ মার্চ ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
শেয়ার

সাবেক উপ-পুলিশ কমিশনার কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার


Bangladesh-Government

ফাইল ছবি

সাবেক পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (পশ্চিম) কোহিনূর মিয়ার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি তিনি বিধি অনুযায়ী সব ধরনের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কোহিনূর মিয়ার বিরুদ্ধে দুটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলাগুলোর পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়। তবে পরবর্তীতে সংশ্লিষ্ট দুটি ফৌজদারি মামলায় আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পান।

এরপর তার ওপর আরোপিত গুরুদণ্ড পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করলে বরখাস্তের আদেশ বাতিল করা হয়। সেই অনুযায়ী ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি জারি করা বরখাস্তসংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।