
রোজার ঈদকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আবারও বিশেষ ঈদ উপহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ঈদে চালু হওয়া এই রীতি এবারও অব্যাহত থাকছে, যা ঈদের আগেই ক্রিকেটারদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করেছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের উদ্যোগে দেওয়া এই উপহারের লক্ষ্য হলো ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক আরও উষ্ণ করা এবং ক্রিকেটার ও তাদের পরিবারকে একটি বৃহৎ পরিবারের অংশ হিসেবে অনুভব করানো। এ বিষয়ে বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস বলেন, এমন সৌজন্যমূলক উদ্যোগ বোর্ড ও ক্রিকেটারদের পারস্পরিক যোগাযোগকে আরও শক্তিশালী করছে।
জানা গেছে, গত এক বছরে জাতীয় দলের হয়ে কোনো না কোনো ফরম্যাটে খেলেছেন— এমন প্রায় ৩০ জন ক্রিকেটার ও তাঁদের স্ত্রীদের জন্য উপহার পাঠানো হবে। পাশাপাশি জাতীয় দলের কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সদস্য ও টিম বয় মিলিয়ে আরও প্রায় ২০ জন এই উদ্যোগের আওতায় থাকবেন।
এবারের ঈদ উপহারে ক্রিকেটাররা পাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড ‘জে ডট’-এর পাজামা–পাঞ্জাবির সেট। তাঁদের স্ত্রীদের জন্য থাকছে একই ব্র্যান্ডের সালোয়ার–কামিজ, আর ক্রিকেটারদের সন্তানদের জন্য পাঠানো হবে চকলেটের বক্স।










































