
ফাইল ছবি
জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সারা দেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রতিবেশী দেশ ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল বাংলাদেশে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিমধ্যে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলের মধ্যেই পাইপলাইনে করে এই ডিজেল বাংলাদেশে পৌঁছে যাবে।
উল্লেখ্য, দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় গত রোববার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে এক বৈঠক করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেই বৈঠকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই দ্রুততম সময়ে এই ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে আসছে।
সরকারের এই জরুরি পদক্ষেপের ফলে অভ্যন্তরীণ বাজারে ডিজেলের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং কৃষি ও শিল্প খাতে জ্বালানি সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।








































