
ছবি: সংগৃহীত।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটির ৫০টির বেশি নৌযান ধ্বংস বা ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা এমন দাবি করেছেন। খবর আলজাজিরার।
ওয়াশিংটনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর জেনারেল ও জয়েন্ট চিফস অব স্টাফ-এর চেয়ারম্যান ড্যান কেইন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, যুদ্ধ শুরুর পর প্রথম ১০ দিনের অভিযানে মার্কিন বাহিনী বিশেষভাবে ইরানের মাইন পেতে রাখা নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব অভিযানে ইরানের ৫০টির বেশি নৌযান ধ্বংস বা ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ড্যান কেইন আরও বলেন, ইরান পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। তবে যুক্তরাষ্ট্রের প্রাথমিক ধারণার তুলনায় দেশটি এখন পর্যন্ত ততটা শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।








































