
ছবি: সংগৃহীত
দারুণ প্রত্যাবর্তনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। একসময় বড় সংগ্রহের পথে এগোলেও শেষদিকে বাংলাদেশের বোলিং তোপে ধসে পড়ে সফরকারীদের ইনিংস। ফলে ম্যাচ জিততে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ২৭৫ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত ১৩ ওভারের আগেই দলকে শতরানের গণ্ডি পার করান। উদ্বোধনী জুটিতে আসে ১০৩ রান।
এই জুটি ভাঙেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করা মাজ সাদাকাতকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে ফেরান তিনি। ৪৬ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৫ রান করেন সাদাকাত। তাসকিন আহমেদের বলে তাওহিদ হৃদয়ের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান (৩১)। এরপর নাহিদ রানার বলে পুল করতে গিয়ে থার্ড ম্যানে মোস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন শামিল হোসেন (৬)। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ১১৫ বলে ১০৯ রানের জুটিটি ভাঙে মিরাজের বুদ্ধিদীপ্ত এক রানআউটে। ননস্ট্রাইকে কিছুটা বেরিয়ে যাওয়ায় আগাকে রানআউট করেন মিরাজ। ৬২ বলে ৬৪ রান করে ফিরেন এই ব্যাটার।
এর এক বল পরেই আউট হন রিজওয়ান (৪৪)। পরে হুসাইন তালাতকে (৯) বোল্ড করেন রিশাদ হোসেন। আবদুল সামাদ ৭ বলে ১১ রান করে রানআউট হন। ২৫৪ রানে সপ্তম উইকেট হারায় পাকিস্তান। শেষদিকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ইনিংসের ১৫ বল বাকি থাকতে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩টি উইকেট নেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২টি এবং তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা একটি করে উইকেট শিকার করেন।








































