
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান উপলক্ষে যশোরের সতীঘাটায় অবস্থিত আশরাফুল মাদারিস মসজিদে এবার বড় পরিসরে ইতিকাফ অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১ হাজার ৬০০ মুসল্লির অংশগ্রহণে মুখরিত এই ইতিকাফে নজর কেড়েছে ৭৫ জন বিদেশি নাগরিকের উপস্থিতি। ভারত, পাকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং পানামা থেকে আসা মুসল্লিরা এখানে ইতিকাফ পালন করছেন।
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের এই মাদরাসা কমপ্লেক্সে কয়েক বছর ধরেই বৃহৎ পরিসরে ইতিকাফের আয়োজন করা হচ্ছে। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ২০ রমজান থেকে সুন্নত ইতিকাফ শুরু হলেও অনেকে ১ রমজান থেকেই নফল ইতিকাফে অংশ নিয়েছেন। বর্তমানে দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আলেম শায়খ ইব্রাহিম আফ্রিকি এখানে অবস্থান করায় তার দেশি-বিদেশি অনুসারীরা বিপুল সংখ্যায় সমবেত হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, চারতলাবিশিষ্ট প্রশস্ত মসজিদে মুসল্লিদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। মাদরাসার নিজস্ব ব্যবস্থাপনায় ইফতার, রাতের খাবার ও সাহরির আয়োজন করা হচ্ছে। বিদেশি মুসল্লিদের জন্য তাদের নিজস্ব খাদ্যাভ্যাস অনুযায়ী আলাদা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। মাদরাসার শিক্ষক-কর্মচারী ছাড়াও প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর একটি বড় অংশ স্বেচ্ছাসেবক হিসেবে মুসল্লিদের খেদমত করছেন।
আশরাফুল মাদারিসের মহাপরিচালক মাওলানা নাসীরুল্লাহ জানান, ২০২৩ সাল থেকে এখানে বড় পরিসরে ইতিকাফ শুরু হয় এবং প্রতিবছরই মুসল্লির সংখ্যা বাড়ছে। ইতিকাফ চলাকালীন দেশ-বিদেশের আলেমরা বিভিন্ন ভাষায় নসিহত পেশ করছেন, যা পরে সাধারণ মুসল্লিদের সুবিধার্থে বাংলায় অনুবাদ করে শোনানো হচ্ছে।
যশোর শহরের দড়াটানা মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমীসহ অনেক বিশিষ্ট আলেমও এবার এখানে ইতিকাফে বসেছেন। মুসল্লিদের মতে, আল্লাহমুখী হওয়ার উপযোগী পরিবেশ থাকায় দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষ এই মাদরাসা প্রাঙ্গণে সমবেত হয়েছেন।










































