
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সৃষ্ট সংকটের সমাধান জাতীয় সংসদের ভেতরেই চান বিরোধী দল। তবে সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।
রোববার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শফিকুর রহমান বলেন, সরকার গঠনের পর সংসদের অধিবেশন ডাকা হলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি। বিরোধী দল প্রথম দিন বিষয়টি উত্থাপন করলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। দ্বিতীয় দিনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি আবারও তুলে ধরেন বিরোধী দল।
তিনি জানান, সংসদে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পড়ে শোনানো হয়েছে এবং বিরোধী দল জানতে চেয়েছে—সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, তাদের অবস্থান কী হবে এবং যারা এখনো শপথ নেননি, তারা কবে শপথ নেবেন। পাশাপাশি পরিষদের অধিবেশন কবে ডাকা হবে এবং গণভোটের ফলাফল বাস্তবায়ন করা হবে কি না—এসব প্রশ্নও তোলা হয়েছে।
বিরোধীদলীয় নেতার ভাষ্য অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ দিতে বলেছেন। বিরোধী দল সংসদের ভেতরেই আলোচনার মাধ্যমে সমাধান চাইলেও জনগণের প্রত্যাশা পূরণ না হলে রাজপথে নামার বিকল্প থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, একই রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে সংসদ গঠিত হয়েছে। তাই ওই আদেশের একটি অংশ মানা আর অন্য অংশ না মানা যুক্তিসংগত নয়। গণভোটের রায়কে সম্মান জানিয়ে সংবিধান সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নেওয়ারও দাবি জানান তিনি।






































