রবিবার । মার্চ ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শেয়ার

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর


Ministry of Education

ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি কার্যক্রম শুরুর লক্ষ্যে চূড়ান্ত ধাপে পৌঁছেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৬ মার্চ) এই বদলি প্রক্রিয়ার জন্য প্রস্তুতকৃত সফটওয়্যারের ডেমো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই সভাতেই সফটওয়্যারটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

রোববার (১৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বেলা ১১টায় সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং টেলিটকের যৌথ প্রচেষ্টায় এই বিশেষ সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। ইতোমধ্যেই সফটওয়্যারটির কয়েক দফা ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং এর কার্যকারিতা সন্তোষজনক পাওয়া গেছে। সোমবারের প্রদর্শনীতে কোনো ত্রুটি না থাকলে কালই মিলবে চূড়ান্ত সবুজ সংকেত।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষকদের বদলির কোনো সুনির্দিষ্ট নীতিমালা বা সুযোগ না থাকায় তারা দীর্ঘদিন ধরে আন্দোলনের মাধ্যমে এই দাবি জানিয়ে আসছিলেন। এনটিআরসিএ-র চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ বন্ধ হওয়ার পর এই সংকট আরও ঘনীভূত হয়।

শিক্ষকদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয় প্রথমে বদলি নীতিমালা প্রণয়ন করে এবং এখন তা বাস্তবায়নের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম বা সফটওয়্যার চালু করতে যাচ্ছে। সফটওয়্যারটি অনুমোদিত হলে দ্রুততম সময়ের মধ্যেই শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন।