
গাইবান্ধায় আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার রাজাহার ইউনিয়নে এ ঝড় আঘাত হানে।
ঘূর্ণিঝড়ে বসতঘরের পাশাপাশি বিপুল সংখ্যক গাছপালা ও ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কাঁচা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং অনেক ঘরের টিনের চাল উড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তাণ্ডবে রাজাহার ইউনিয়নের বানেশ্বর বাজারসংলগ্ন কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের বসতঘর আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে। অনেক গাছপালা উপড়ে পড়ে এবং কৃষিজমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জেলা প্রশাসকের নির্দেশনায় ১৫০টি পরিবারকে তিন হাজার টাকা করে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। রমজান মাস হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আগামী মঙ্গলবার (১৭ মার্চ) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।









































