
ফাইল ছবি
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।
টিম হকিন্স জানিয়েছেন, আহত ২০০ জনের মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের শরীরে অগ্নিদগ্ধ হওয়া, বিস্ফোরণের ফলে সৃষ্ট আঘাত এবং মস্তিষ্কে গুরুতর ক্ষয়ক্ষতির লক্ষণ পাওয়া গেছে। তবে উন্নত চিকিৎসা শেষে ইতোমধ্যে ১৮০ জন সেনাসদস্য পুনরায় তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন।
মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, এই হতাহতের প্রধান কারণ হলো ইরানের ‘একমুখী’ড্রোন হামলা। মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরানের এই বিধ্বংসী ড্রোন হামলাগুলোই মার্কিন বাহিনীর জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এতেই হতাহতের পরিমাণ বাড়ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাব হিসেবে ইরানও আক্রমণ অব্যাহত রেখেছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের কয়েকটি উপসাগরীয় দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে চরম অস্থির করে তুলেছে।
সূত্র: আল জাজিরা






































