
ছবি: সংগৃহীত
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) সকালে দূতাবাসের কাছাকাছি একটি ড্রোন আছড়ে পড়ে। একই সময় আরেকটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়।
সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামলার পর দূতাবাসের আশপাশের এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।
বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস অবস্থিত। গত কয়েকদিন ধরে এই এলাকায় একাধিক হামলার চেষ্টা হয়েছে বলে জানা গেছে।
এর আগে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, গ্রিন জোনের আল-রাশিদ হোটেলেও একটি ড্রোন আঘাত হেনেছে, যা সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
এই হামলার ঘটনায় গ্রিন জোনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরাকে মার্কিন স্থাপনায় এই হামলা নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি করছে।






































