
কন্নড় চলচ্চিত্র ‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গান ‘সারকে চুনার’ ঘিরে বিতর্ক দিন দিন তীব্র হচ্ছে। গানের কথায় অশালীনতা ও দৃশ্যে যৌন ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গির অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন নোরা ফতেহি ও সঞ্জয় দত্ত। বিষয়টি সংসদ পর্যন্ত গড়ালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গানটিকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেন।
এদিকে আপত্তিকর কনটেন্টের অভিযোগে স্বপ্রণোদিত হয়ে পদক্ষেপ নিয়েছে ভারতের জাতীয় নারী কমিশন। কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণে গানটিকে যৌন উত্তেজক ও আপত্তিকর উল্লেখ করে বলা হয়েছে, এটি একাধিক আইন লঙ্ঘন করতে পারে। এ প্রেক্ষিতে আগামী ২৪ মার্চ নোরা ও সঞ্জয়সহ গীতিকার, প্রযোজক ও পরিচালককে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
গানটির লিরিকস ও নৃত্যভঙ্গি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই একে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী বলে দাবি করছেন। এ নিয়ে কটাক্ষ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানৌত, যিনি মন্তব্য করেন— বলিউড অশ্লীলতার সীমা ছাড়িয়েছে।
তবে বিতর্কের জবাবে নোরা ফতেহি দাবি করেছেন, গানটির উপস্থাপনা সম্পর্কে তাকে আগেভাগে সঠিকভাবে জানানো হয়নি এবং তাকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি, গানের কিছু অংশে তার অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অভিযোগও তুলেছেন তিনি।
সূত্র: ডেকান ক্রনিকল









































