
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন যে, দিলারা হাফিজ একজন সজ্জন শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন এবং তাঁর মৃত্যুতে জাতি এক গুণী মানুষকে হারাল। একইসঙ্গে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
দিলারা হাফিজ তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে দেশের শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।
৭৮ বছর বয়সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।







































