শনিবার । মার্চ ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ মার্চ ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
শেয়ার

রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী


Health-Minister

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ।। ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালকের দায়িত্বজ্ঞানহীনতায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, ‘১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে। অথচ পরিচালক আমাদের জানাননি যে তার কাছে ভেন্টিলেটর নেই। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।’

মন্ত্রী বৃহস্পতিবার শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তিনি জানান, হাসপাতালে ভেন্টিলেটর না থাকার বিষয়টি মিডিয়া রিপোর্ট করার পর সত্যতা পাওয়া গেছে, যা পরিচালক অস্বীকার করতে পারেননি।

ঘটনা জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বেসরকারি উদ্যোগে তিনটি ভেন্টিলেটর কিনে দেওয়া হচ্ছে এবং আরও দুটি ম্যানেজ করার চেষ্টা চলছে।’

এসময় মন্ত্রী চিকিৎসকদের নৈতিকতার প্রতি জোর দিয়ে বলেন, ‘রোগীরা চিকিৎসকদের ওপর ঈশ্বরের মতো ভরসা করে।’

মন্ত্রী উল্লেখ করেন, চিকিৎসকেরা ক্লান্ত বা অতিরিক্ত ব্যস্ত হলে রোগীর সেবা ও মনোযোগের মান নষ্ট হতে পারে। তিনি চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ ও বিশ্বমানের নতুন চিকিৎসাপদ্ধতি জানতে মেডিকেল জার্নাল পড়ার পরামর্শ দেন।

অতীত অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, ২০১৮ সালে নিজের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে দেশীয় চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু ভারতে গিয়ে শুধু বিশেষ জুতা ও ব্যায়ামের মাধ্যমে সুস্থ হয়েছেন।